- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
একইসঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬/৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদের দলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় আহত অবস্থায় শামসুর রহমান আতিককে আটক করা হয়। তার নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং আটকের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করে।