- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

🔹 স্টাফ রিপোর্টারঃ

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বরেণ্য সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম ও তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) গভীর রাতে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে নিজ এলাকায় অবস্থানকালে সাংবাদিক জহুরুল ইসলাম কৃষি জমির মাটি কাটার অবৈধ শব্দ শুনতে পান। একজন সচেতন নাগরিক ও পেশাদার সাংবাদিক হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক্সকাভেটর দিয়ে বড় পরিসরে মাটি কাটা হচ্ছে। মাটি কাটার বৈধতা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো সদুত্তর দিতে না পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​ঘটনাটি তাৎক্ষণিকভাবে সাংবাদিক জহুরুল ইসলাম স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। তাঁর তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ মাটি কাটা বন্ধ করে এবং ব্যবহৃত এক্সকাভেটরটি সরিয়ে নেয়।

একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ এবং সচিত্র সংবাদ প্রকাশ করার জেরে ক্ষিপ্ত হয়ে উঠে স্বার্থান্বেষী মহল এরই ধারাবাহিকতায় সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে।

​সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা মনে করছেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর একটি সরাসরি আঘাত।

​”দীর্ঘদিন ধরে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসা জহুরুল ইসলাম সিলেট বিভাগের গণমাধ্যম অঙ্গনে একটি সুপরিচিত নাম। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর নির্ভীক কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র লিপ্ত হয়েছে একটি মহল।”

উল্লেখ্য যে, সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম বর্তমানে ‘বাংলাদেশ প্রতিক্ষণ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক ‘হলি সিলেট’-এর নির্বাহী সম্পাদক এবং জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘এটিএন বাংলা ইউকে’-এর সিলেট প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং এর সাথে জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।