- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

নিঃশব্দ যন্ত্রণায় দিন কাটছে নবাব পিটারের


🔹 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন যুবদল নেতা নবাব পিটার। একসময় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি নিঃশব্দ যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন। তার অসুস্থতায় চরম সংকটে পড়েছে পুরো পরিবার।

‎নবাব পিটার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল মালেক ফরাজির ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

‎পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজনৈতিক বিরোধের জেরে নিজ বাড়িতে নবাব পিটারের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দলের সমর্থকরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে, বিশেষ করে গলার অংশে মারাত্মক ক্ষতি হয়।

‎পরবর্তীতে সেই আঘাত জটিল কণ্ঠনালীর সংক্রমণে রূপ নেয়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং তীব্র ব্যথা ও সংক্রমণে ভুগছেন। চিকিৎসকদের মতে, তার সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা অত্যন্ত জরুরি।

‎নবাব পিটারের স্ত্রী শাহিনা আক্তার বলেন, “স্বামীর চিকিৎসার খরচ বহন করার মতো আমাদের আর কোনো সামর্থ্য নেই। চিকিৎসা করাতে গিয়ে আমরা প্রায় সর্বস্বান্ত। অনেক সময় প্রয়োজনীয় ওষুধও কিনতে পারি না। প্রতিদিন তার এই কষ্ট দেখে অসহায় লাগে।

‎এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন জানান, পরিবারটির বিষয়ে খোঁজখবর নিয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

‎এদিকে স্থানীয়দের দাবি, রাজনৈতিক সহিংসতার শিকার এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।