- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে জোড়া খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, রোমাঞ্চকর ড্রয়ে শুরু


🔹 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলের দেববাড়ি রোডস্থ ভৈরবতলি মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ম জোড়া খাসিকাপ ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় দেববাড়ি ইয়ং বয়েজ ফুটবল ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সমাজসেবক অজিত বৈদ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর জয়ন্ত ভট্টাচার্য এবং শিক্ষক শেখর চন্দ্র চৌধুরী ও সুব্রত চৌধুরী।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দুরন্ত একাদশ ও মাঠের রাজা। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধেই কুটি দত্তের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দুরন্ত একাদশ। গোল হজম করেও একাধিক সুযোগ তৈরি করে মাঠের রাজা, তবে গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক খেলা শুরু করে মাঠের রাজা। কিন্তু হঠাৎই কুটি দত্তের আরেকটি গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। এরপর হাল ছাড়েনি মাঠের রাজা।তারা মুহুর্মুহু আক্রমণ করে একটি গোল পরিশোধ করে এবং শেষদিকে কাঞ্চনের দুর্দান্ত গোলে ম্যাচে সমতায় ফেরে।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ২-২ সমতায় শেষ হয় উদ্বোধনী ম্যাচটি। দারুণ পারফরম্যান্সের জন্য দুই গোল করা দুরন্ত একাদশের কুটি দত্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে অতিথিরা তার হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি পরিচালনা করেন উজ্জ্বল পাসী।