- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

করতোয়ায় গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

🔹 মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজীব জেলার বড়শশী ইউনিয়নের মালেক মিয়ার ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে সজীবসহ চার বন্ধু মিলে করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকায় গোসলে নামেন। সজীব সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল তল্লাশিতে অংশ নেয়। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব পরিবারের বড় সন্তান ছিলেন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি শীঘ্রই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার অকাল মৃত্যুতে পরিবারে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।