
জালালাবাদ বার্তা ডেস্ক: সরকার দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়। ফলে এখন যাত্রীরা ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে তিনটি ট্রেনে এই সুবিধা দেওয়া হয়েছে। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের সার্বিক ডিজিটাল কানেক্টিভিটি আরও শক্তিশালী করা। সেই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা এখন কিউআর কোড স্ক্যান করে সহজেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, ভবিষ্যতে সেবাটি আরও সম্প্রসারণ করা হবে।
এ বিষয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করছে বিএসসিএল। স্টারলিংক ইন্টারনেট চালুর মাধ্যমে চলন্ত ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক সংযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।