
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর অবদান, সংগ্রাম ও অধিকারকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।
রোববার (৮মার্চ) সকালে শহরের মৌলভীবাজার লেবার হাউজ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনডিজিনাস পিপলস ডেভলাপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সহ-সভাপতি সবিতা গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন সরকার।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং আইপিডিএস-এর ফিল্ড অফিসার সুমন কৈরী প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সমান মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে লেবার হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।