- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার, জোর দিলেন বাংলাদেশ ভারত বন্ধুত্বে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে তিনি আশ্রমে পৌঁছে মন্দিরে প্রবেশ করেই প্রণাম জানান। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

সভার শুরুতে শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতনের নৃত্যশিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

এরপর মতবিনিময় সভায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সাংবাদিক এসকে দাশ সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি অনিরুদ্ধ দাস তাঁর বক্তব্যে বলেন, ভারতীয় হাই-কমিশন, সিলেট অফিসকে সম্মান জানানোর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও সম্মান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এ সুসম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে। পারস্পরিক যোগাযোগ ও আন্তরিক সম্পর্কই বন্ধুত্বকে এগিয়ে নেয় বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য, কবি-সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্যসহ ধর্মপ্রান ব্যক্তিবর্গ।