- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে প্রশাসনের নিত্যপণ্যের বাজার মনিটরিং


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে তদারকি অভিযানে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ উপজেলা কৃষি কর্মর্তা, খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, কৃষি বিপনন বিভাগ, পৌর কতৃপক্ষ এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো, ইসলাম উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতর রাখতে এবং কৃত্রিম সংকট মোকাবেলায় এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ব্যবসায়ীদের ক্রয়কৃত মালামালের বৈধ কাগজপত্র যাচাই-বাচাই করা হয়। কিছু অনিয়ম পাওয়া গেছে, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এবং সঠিক দরে পণ্য বিক্রি করতে নির্দেশনা প্রদান করা হয়।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন বলেন, মৌলভীবাজার জেলার অন্যতম পাইকারী বাজার শ্রীমঙ্গলে। এখানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা এমন কি হবিগঞ্জ জেলা থেকে পাইকার এবং খুচরা ক্রেতারা মালামাল বিভিন্ন পণ্য ক্রয় করে থাকেন। আমরা বাজার নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুদদারি নিয়ন্ত্রণে দৃষ্টি রাখবো।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জেলা জুড়ে তদারকি অভিযান চলমান রয়েছে।